আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা বিএনপি মহাসচিবেরবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেব।”
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৫ আগস্টেই বলেছিলেন — আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে বলতে চাই—অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।”
আগামী ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়, নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।”
জামায়াতে ইসলামি বাংলাদেশসহ আরও কয়েকটি দল পিআর পদ্ধতির নামে জনগণের উপর জবরদস্তি করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তার ভাষায়, “জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।”
গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে মত দিয়ে ফখরুল বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আল মামুন আলম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।