শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী–র মনোনয়নপত্র আপিল শুনানিতেও স্থগিত রাখা হয়েছে। সোমবার নির্বাচন কমিশন ভবনে তৃতীয় দিনের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত জানায়।
ইসি সূত্রে জানা গেছে, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ নিয়ে পূর্বে জেলা রিটার্নিং কর্মকর্তা গত ৩ জানুয়ারি ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করেন এবং পরে তা বাতিল ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন।
সোমবার (১২ জানুয়ারি) আপিল শুনানিতে প্রার্থী পক্ষ থেকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করা সম্ভব হয়নি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। ফলে আপিল পর্যায়েও মনোনয়ন স্থগিত রাখা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীকে ১৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে নাগরিকত্ব ত্যাগের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র দিতে ব্যর্থ হলে মনোনয়ন বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।