“বৃক্ষরোপণ করি, সমাজকে সবুজায়ন করে গড়ে তুলি”—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’। সংগঠনটি মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ শতাধিক ফলদ ও ফুলের গাছের চারা রোপণ করেছে।
বৃক্ষরোপণ কার্যক্রমে সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা হাজী ফরহাদ হোসেন। তার সহায়তায় আলোকবিন্দুর সদস্যরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, সদস্য আকাশ ও আশিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সবুজ বাংলাদেশের স্বপ্নে এগিয়ে নিতে এমন উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সংগঠনটির এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং নিজেদের ক্যাম্পাসে রোপিত গাছগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করেন।