কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক বৃদ্ধের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের মধ্যে শালিস বৈঠক থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শ্যামপুর গ্রামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধের কাছে প্রথমে বিএনপির কর্মীরা ভোট চান। পরে জামায়াতের কর্মীরাও ভোট চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে স্থানীয় বাজারে শালিস বৈঠকে বসেন দুই দলের নেতাকর্মী ও সমর্থকরা।
শালিস চলাকালে তর্কাতর্কির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের অন্তত ৭ জন আহত হন।

আহত বিএনপি কর্মীদের কয়েকজন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন। অন্যদিকে জামায়াতের আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, শালিস চলাকালে তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। অপরদিকে জামায়াত নেতাদের অভিযোগ, বিএনপির কর্মীরাই আগে হামলা করে এবং তাদের নারী প্রচারণায় বাধা দিচ্ছিল।
খোকসা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় দুই প্রার্থীই ঘটনাটিকে নিন্দা জানিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। উভয়পক্ষই প্রতিপক্ষকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।
এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।