শীতের দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে পাতলা মসুর ডাল, আলুভাজা—এ যেন বাঙালির চিরচেনা আরামদায়ক খাবার। অনেকেই এই মেনুতে বাড়তি স্বাদ আনতে ডাল-ভাত বা গরম স্যুপে লেবু চিপে খান। শুধু ডাল নয়, মাছের ঝোল, মাংসের ঝোল কিংবা সকাল সকাল গরম পানিতে লেবু মিশিয়ে খাওয়ার অভ্যাসও অনেকের মধ্যেই রয়েছে। তবে প্রশ্ন হলো—গরম খাবারের সঙ্গে লেবু খাওয়া কি সত্যিই স্বাস্থ্যকর?
বিশেষজ্ঞদের মতে, লেবুতে থাকা ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন বি৬ ও ফসফরাস শরীরের নানা উপকার করে। ত্বক, চুল, হাড়, দাঁত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি অত্যন্ত কার্যকর। কিন্তু সমস্যা হয় তখনই, যখন লেবুর রস গরম খাবারের সংস্পর্শে আসে।
গবেষণা বলছে, গরম খাবারের উচ্চ তাপে লেবুর রসে থাকা ভিটামিন সি দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে গরম ডাল-ভাতে লেবু চিপে খেলে আসল পুষ্টিগুণ শরীরে পৌঁছায় না। এমনকি গরম পানিতে লেবু-মধু মিশিয়েও একই ফল—ওজন কমানো বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো কোনো সুফল ঠিকমতো পাওয়া যায় না।
তাহলে করণীয় কী?
বিশেষজ্ঞদের পরামর্শ—
গরম ধোঁয়া ওঠা খাবারে কখনো লেবুর রস মেশাবেন না।
খাবারটি আগে ঘরের তাপমাত্রায় ঠাণ্ডা করে নিন, তারপর লেবুর রস চিপে দিন।
সকালে লেবু-পানি খেতে চাইলে ফুটন্ত পানিতে নয়, সামান্য গরম পানিতে লেবু মেশান।
এতে ভিটামিন সি নষ্ট হবে না এবং শরীর প্রয়োজনীয় উপকারও পাবে।
স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে লেবু অবশ্যই উপকারী—তবে সঠিকভাবে খাওয়াটাই এখানে মূল বিষয়।