জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে তাদের সংগঠন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আরও জানিয়েছেন, আসন্ন গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণজোয়ার সৃষ্টিতে এনসিপির প্রার্থীরা সক্রিয়ভাবে কাজ করবেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ বলেন, “ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল। তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। আমরা পুলিশের ওপর নির্ভর করে আমাদের জীবন নিরাপদ রাখতে পারি না।”
তিনি আরও উল্লেখ করেন, “এই ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও স্বার্বভৌমত্বের জন্য দীর্ঘকাল লড়াই করেছে। কিন্তু গত ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”
নাহিদ বলেন, দেশের মানুষের অধিকার ও ন্যায্য রাজনৈতিক প্রক্রিয়া রক্ষার জন্য এনসিপি সবসময় সচেষ্ট থাকবে এবং গণভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করবে।