জনগণকে ‘হ্যাঁ–না’ ভোট বোঝানো হবে বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ–না’ ভোট বিষয়ে জনগণকে সচেতন করা বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তথ্য সচিব বলেন, “গত ১৫ বছরের নির্বাচনের অভিজ্ঞতা থেকে জনগণের মধ্যে ভোট ও নির্বাচন নিয়ে তিক্ততা আছে। তাই জনগণকে ভোটকেন্দ্রে আগ্রহী করে তোলা এবং ‘হ্যাঁ–না’ ভোটের বিষয়টি সহজভাবে বোঝানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের সচেতন করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার এবারের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে তথ্য কর্মকর্তাদের গুজব ও অপতথ্য দূর করতে বিশেষ ভূমিকা রাখতে হবে। এছাড়া নির্বাচনি আইন ও নিয়ম-কানুন সম্পর্কে নিজেদের সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন।”

তথ্য সচিব জানান, নির্বাচনের প্রচার-প্রচারণার দায়িত্ব দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, এবং এসময় অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!