ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেছে বলে জানা গেছে। তবে প্রার্থী হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন। তিনি জানান, পরিবার জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে সম্মানের সঙ্গে দেখছে। তবে রাজনৈতিকভাবে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা সংগঠনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মাসুমা হাদিকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান শহীদ হাদির নিজ জেলা ঝালকাঠির সাধারণ জনগণ। এই দাবিতে গত কয়েক দিন ধরে জেলায় আন্দোলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।
আন্দোলনকারীরা জানান, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে মাসুমা হাদিকে প্রার্থী করা উচিত। তাদের দাবি, মাসুমা হাদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার যোগ্য।
শুক্রবার বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ থেকে একজন যোগ্য, নির্ভীক ও জনসম্পৃক্ত প্রতিনিধি সংসদে যাওয়ার প্রত্যাশা জনগণের। শহীদ হাদির পরিবারের সদস্য হিসেবে মাসুমা হাদি সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।