তারাগঞ্জে গণপিটুনিতে নিহত প্রদীপের ছেলে দুলাল পেলেন চাকরি

জুয়েল আহমেদ, রংপুর
প্রকাশ: ৪ মাস আগে

 

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত ভ্যানচালক প্রদীপ লাল রবিদাসের ছেলে দুলাল কুমার এবার পেলেন চাকরি। মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে গ্রাম পুলিশের পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম দুলালের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা দুলালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

চাকরি পেয়ে দুলাল কুমার জানান, “আমি খুব খুশি। এই চাকরির মাধ্যমে পরিবারকে সহায়তা করতে পারব। বাবার স্বপ্ন পূরণ করতে চাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, “দুলালের পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে তাকে গ্রাম পুলিশের পদে নিয়োগ দেওয়া হয়েছে। সে যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, সেই প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জে একটি মর্মান্তিক ঘটনায় ভ্যানচালক প্রদীপ লাল রবিদাস ও অপর এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হন। সেই ঘটনার পর থেকে প্রদীপের পরিবার গভীর সংকটে পড়ে।

দুলালের এই নিয়োগ কেবল তার পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালায়নি, বরং মানবিক উদ্যোগের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

error: Content is protected !!