দোহারের জয়পাড়ায় প্রধান সড়কে ধস, পথচারীদের মধ্যে উদ্বেগ

ইমরান হোসেন | দোহার উপজেলা প্রতিনিধি, ঢাকা
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার সংলগ্ন ব্রিজের ঢাল ধসে প্রধান সড়কে বড় একটি গর্ত তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে হঠাৎ করে পিচঢালাই অংশ ধসে পড়লে ঘটনাস্থলে বড় গর্ত তৈরি হয়। স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী মানুষজন দুর্ঘটনার আশঙ্কায় সতর্কভাবে চলাচল করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জয়পাড়া ব্রিজটির কাঠামোগত মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কয়েক মাস আগে দোহার পৌরসভা থেকে ব্রিজটিকে যান চলাচলের অনুপযোগী ঘোষণা করা হলেও দৈনন্দিন প্রয়োজন ও বিকল্প পথ না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ও শিক্ষার্থী এখনও ব্রিজটি ব্যবহার করছেন।

এদিকে ব্রিজের নিচের কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কিছু জায়গায় মাটি সরে গেছে বলে স্থানীয়দের দাবি। ফলে ব্রিজটি আরও ঝুঁকির মধ্যে রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দাবি, ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত ভেঙে নতুন ব্রিজ নির্মাণসহ সড়কের ধসে পড়া অংশ দ্রুত মেরামত করে চলাচল নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

error: Content is protected !!