বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোঃ ফয়জুর রহমান।
শুক্রবার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় আবু সুফিয়ান মোঃ ফয়জুর রহমান বলেন,
“বিএনপি সবসময় জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক ও সমান অধিকারের বাংলাদেশ গড়ার রূপরেখা। প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষায় এই দফাগুলোই হতে পারে পরিবর্তনের ভিত্তি।”
তিনি আরও বলেন,
“নকলা ও নালিতাবাড়ীর প্রতিটি গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় আমরা ৩১ দফার প্রচারণা চালিয়ে যাচ্ছি। দেশের পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে জনগণই হবে আমাদের প্রধান শক্তি।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, সুবক্তা ও ক্লিন ইমেজের তরুণ এই প্রার্থীর প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
ছবি: নালিতাবাড়ীতে লিফলেট বিতরণে ব্যস্ত ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোঃ ফয়জুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ