
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর–রাধিকা সড়কে যাত্রীবাহী অটো-রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (আজ) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটো-রিকশা সামনে থাকা ‘দিগন্ত পরিবহন’ বাসকে বেপরোয়া গতিতে ওভারটেক করার চেষ্টা করে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে দুই চালকসহ বেশ কয়েকজন যাত্রী রয়েছেন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। প্রাথমিকভাবে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।