ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদিচ্ছার বার্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোদির দেওয়া বার্তার পর সোমবার দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানানো হয়।
১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
মোদির পোস্টের পর বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রতিক্রিয়ায় জানায়, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সহায়তার প্রস্তুতির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”
৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত সমস্যা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক জটিলতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
দলের নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা ঘিরে দেশ–বিদেশ থেকে শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পাওয়া অব্যাহত রয়েছে।