নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদার ও নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান।

সভায় বক্তব্যের শুরুতে ড. ইউনূস দেশের বিভিন্ন সংকটময় ও গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে পেশাদার আচরণ, সম্পূর্ণ নিরপেক্ষতা এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!