পালিয়েও থামছে না শেখ হাসিনার সন্ত্রাস: শফিকুল আলম

প্রকাশ: ৩ মাস আগে

দেশ ছেড়ে পালিয়েও স্বৈরাচার খুনি শেখ হাসিনার সন্ত্রাস থামছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, সাম্প্রতিক কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পলাতক নেতাদের উসকানিতে দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা কায়দায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়ে জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে শুরু থেকেই একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছে আওয়ামী লীগ। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে মুক্তিকামী শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ জনগণ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। সন্ত্রাসের জননী শেখ হাসিনা ১৩৭ শিশুসহ সহস্রাধিক মানুষকে হত্যা করার পর গণ-আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। তবে পালিয়ে গিয়েও তার সন্ত্রাস থামছে না।’

প্রেসসচিব আরও বলেন, বর্তমানে দেশ যখন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে—তা স্বভাবতই আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভালো লাগার কথা নয়। সাম্প্রতিক অনলাইন ও অফলাইনে তাদের আচরণে সেটিই প্রতিফলিত হচ্ছে।

তিনি জানান, নাশকতার সঙ্গে জড়িত ও পরিকল্পনায় সরাসরি সম্পৃক্ত বেশ কিছু আওয়ামী নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে আটক করেছে। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের নাগরিকরাও সজাগ রয়েছে।

শফিকুল আলম আরও বলেন, ‘এসব সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে গুম-খুন-নাশকতার রানি শেখ হাসিনা ও তার দল আবারও প্রমাণ করেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল সম্পূর্ণ যৌক্তিক। পলায়নের পর থেকে শেখ হাসিনা ও তার সহযোগীদের সব বক্তব্য-বিবৃতিই সন্ত্রাস উসকে দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে—রাজনীতিতে ফেরার কোনো সদিচ্ছার ইঙ্গিত এতে নেই।’

সূত্র: শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ

error: Content is protected !!