আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শামা ওবায়েদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহরাজ শারবিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্যুজামান, সহ-সভাপতি আমরাফ আলী মুন্সী, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলের আগে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং নগরকান্দা-সালথার জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, “নগরকান্দা-সালথার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছি। ফরিদপুর-২ আসনের জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আমার পিতা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো, ইনশাআল্লাহ।”