বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, নিহত শীর্ষ সন্ত্রাসী বাবলা

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

দেশ এডিশন ডেস্ক:
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি মোটরসাইকেলে করে অন্তত আটজন মুখোশধারী যুবক ঘটনাস্থলে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়—গণসংযোগ চলাকালীন দুই হাত দূর থেকে একজন দুর্বৃত্ত পিস্তল তাক করে এরশাদ উল্লাহর দিকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী দোকানদার মো. হুমায়ুন বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। তিনটা মোটরসাইকেলে আটজন ছিল—সবাই হেলমেট পরা ও মুখ ঢাকা।”

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, “তাদের প্রায় সবার হাতেই পিস্তল ছিল। মুহূর্তের মধ্যে তিন-চার রাউন্ড গুলি চলে যায়।”

ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশ এডিশনকে বলেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। নির্বাচন বানচাল করতেই এরশাদ উল্লাহর ওপর হামলা চালানো হয়েছে। প্রশাসনকে অনুরোধ করছি—অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করুন।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সরওয়ার হোসেন বাবলাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, পরে তিনি মারা যান।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ দেশ এডিশনকে বলেন, “অভিযুক্ত সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।”

📍 স্থান: চাইল্লাতলী, বায়েজিদ, চট্টগ্রাম
🕒 সময়: বুধবার সন্ধ্যা
🎯 ঘটনা: গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী
⚠️ নিহত: সরওয়ার হোসেন বাবলা
📹 ভিডিও প্রমাণ: দুই হাত দূর থেকে গুলি ছোড়ার দৃশ্য ভাইরাল

error: Content is protected !!