ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী নাজমুল হোসেন তাপস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মন্ডলির সাবেক সদস্য মরহুম কাজী আনোয়ার সাহেবের সুযোগ্য সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলার অর্থনীতি বিষয়ক সম্পাদক, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক শোকবার্তায় বলেন, “আজ বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় চিরতরে সমাপ্ত হয়ে গেল। আমাদের প্রিয় দেশনেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আর নেই। আপনার সাহস, নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।”
তিনি আরও বলেন, “আপনি শুধু একজন নেতা ছিলেন না, আপনি একটি প্রতীক—স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের প্রতীক। আপনার অবর্তমানে দেশ শূন্য মনে হচ্ছে। তবে আমরা প্রতিজ্ঞা করছি, আপনার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব।”
ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরসহ সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়ার আয়োজনের প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালী এই নেতা বলেন, “তিনি বাংলাদেশের ইতিহাসে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও আপসহীন অবস্থান তাঁকে চিরন্তন দেশনেত্রীর মর্যাদা দিয়েছে।”
৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।