জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তার এই আহ্বানে মাত্র সাত ঘণ্টার মধ্যেই ১২ লাখ টাকার বেশি অনুদান সংগ্রহ হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, “এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
তিনি জানান, নির্বাচনী ব্যয়ের জন্য মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। তবে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
ডা. তাসনিম জারা আরও বলেন, রাত ২টার পর নির্ধারিত লিমিট অতিক্রম করায় বিকাশের মাধ্যমে অর্থ পাঠানো সম্ভব হচ্ছে না। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) রাতে তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচনী ব্যয় মেটানোর জন্য ভোটার, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানান। তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।