মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গভীর রাতে একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় থাকা বাসচালক গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ চালকের নাম পারভেজ খান (৪৫)। তিনি সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশের তথ্য মতে, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি রাতে স্ট্যান্ডে পার্কিং অবস্থায় ছিল। চালক পারভেজ খান বাসের ভিতরেই ঘুমাচ্ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আর বের হতে পারেননি।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ অবস্থায় চালককে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন,
“দুর্বৃত্তরা স্কুলবাসে আগুন দিয়েছে—এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসচালককে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা মনে করছেন, এটি পরিকল্পিত নাশকতারই অংশ। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।