মনি চক্রবর্তী ঘটনার প্রাথমিক তথ্য জানালেন প্রেস সচিব

নরসিংদী (পলাশ) প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হলেও প্রাথমিক তদন্তে ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, এটি মূলত পারিবারিক কলহ এবং ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরে ঘটে থাকতে পারে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহম্মদ জানান, পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক ধারণায়ও বিষয়টি স্পষ্ট—হত্যাকাণ্ডে সাম্প্রদায়িক হামলার কোনো আলামত মেলেনি। তিনি বলেন, নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মহলে ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানো হয়েছে এবং এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু প্রাথমিক অনুসন্ধানে এর সমর্থনে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রেস সচিব আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যাচাই ছাড়াই ভুল বা বানোয়াট তথ্য ছড়ালে সমাজে বিভ্রান্তি তৈরি হয় এবং সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে তিনি জানান, হত্যাকাণ্ড নিয়ে কয়েকজন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। অতীতে তারা বিভিন্ন ঘটনায় সরেজমিন তদন্ত করে নিরপেক্ষ মতামত দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানেও উদ্বেগ তৈরি হলে তথ্য যাচাই-বাছাই এবং প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে বাস্তবতা পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভুল তথ্য একত্রে ছড়িয়ে পড়লে তা সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

error: Content is protected !!