মনোনয়ন ফিরে পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।

এর আগে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। আদালতের আদেশের ফলে তিনি পুনরায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন।

এদিকে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া। তবে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন সংক্রান্ত রিটের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে কুমিল্লা-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

গত কয়েক দিনের নাটকীয় পরিস্থিতির পর অবশেষে বিএনপির বিদ্রোহী কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন ফিরে পেলেন। যদি সোমবারের শুনানিতে আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ না হয়, সেক্ষেত্রে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়া চূড়ান্ত প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এই রায়ের ফলে কুমিল্লা-১০ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

error: Content is protected !!