ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই সরগরম হয়ে উঠেছে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) সংসদীয় আসন। এই আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির (NCP) প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এক বিশেষ বার্তায় সাধারণ মানুষের দোয়া, অনুদান ও সক্রিয় অংশগ্রহণ চেয়েছেন।
গত বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি এই আহ্বান জানান। আখতার হোসেন লিখেন, “আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এই কঠিন লড়াইয়ে আপনাদের পাশে চাই। আপনাদের দোয়া, সহযোগিতা এবং অনুদানই দেশ নিয়ে আমার স্বপ্নকে বাস্তব করে তুলবে।”
আখতার হোসেন তার নির্বাচনি প্রচারণার জন্য গতানুগতিক পদ্ধতির বাইরেও আধুনিক ও জনসম্পৃক্ত কৌশলের কথা উল্লেখ করেছেন। তিনি ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি নিম্নোক্ত উপায়ে সাহায্যের আহ্বান জানান:
প্রচার সামগ্রী: লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি এবং মিছিল ও উঠান বৈঠকের আয়োজন।
লজিস্টিক সাপোর্ট: হ্যান্ডমাইক, টিশার্ট, ক্যাপ বা প্রচারণার জন্য যানবাহন (যেমন পিকআপ) দিয়ে সহায়তা।
অনলাইন প্রচারণা: সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, ভিডিও এডিটিং, ফটোকার্ড তৈরি এবং নতুন আইডিয়া দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় থাকা।
তরুণ এই রাজনীতিক তার প্রচারণার খরচ মেটাতে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তারও আবেদন করেছেন। ১০ টাকা থেকে শুরু করে যেকোনো অংকের অনুদান পাঠানোর জন্য তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ ও নগদ পার্সোনাল নম্বর (০১৮ ২৬৩২৭ ৬৬৯) শেয়ার করেছেন। এছাড়া প্রচারণার উপকরণ বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকও প্রদান করেছেন।
জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন রংপুর-৪ আসনে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ইতোমধ্যেই জামায়াতে ইসলামীর প্রার্থী এই আসনে আখতার হোসেনকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, যা তার জয়ের পথকে আরও সুগম করেছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
কাউনিয়া ও পীরগাছার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের বৈষম্যের শিকার দাবি করে আখতার হোসেন বলেন, “ইন শা আল্লাহ আমরা সফল হবো। নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় আমি আপনাদের সাহায্য চাই।”