জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এই ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেরপুর শহরের থানামোড়স্থ শহীদ স্কয়ার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কলেজ মোড়ের মাহবুব চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জি. মোহাম্মদ লিখন মিয়া, সদস্য সচিব প্রভাষক নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান দেওয়ান, মামুনুর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আরিফ সাফফারী ও যুগ্ম সদস্য সচিব ইঞ্জি. গুলজার হোসেন।
এ ছাড়া জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক আশরাফুল আলম, মুখ্য সংগঠক মো. জসিম উদ্দিন, সিনিয়র মুখ্য সংগঠক এমদাদুল হক রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহনুর রহমান সায়েমসহ ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনা গণতান্ত্রিক রাজনীতির জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
বক্তারা আরও বলেন, সহিংসতা ও ভয়ভীতি দেখিয়ে জনগণের মতপ্রকাশ দমন করা যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টি রাজপথে সক্রিয় থাকবে বলে তারা জানান।