শাড়ি নিয়ে প্রতারণা, গ্রেপ্তার হতে পারেন অভিনেত্রী তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-র বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ‘অ্যাপোনিয়া (Aponia)’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে অর্থ পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করেন এই তারকা অভিনেত্রী।

এই ঘটনায় ‘অ্যাপোনিয়া’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে মামলা দায়ের করেছেন। মামলাটি সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫, দায়ের করা হয়েছে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার জানিয়েছেন, গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ডাকযোগে ও হোয়াটসঅ্যাপে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ প্রদান ও ক্ষমা প্রার্থনার নির্দেশ দেওয়া হলেও, তিশা কোনো সাড়া দেননি।

এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে শিগগিরই।

তবে অভিযোগের বিষয়ে তানজিন তিশা তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দাবি করেছেন, সংশ্লিষ্ট শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, তিনি কোনো প্রতারণা করেননি।

ঘটনাটি ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, বিষয়টি তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হওয়াই এখন সময়ের দাবি।

error: Content is protected !!