বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। তিনি বলেন, “শেখ হাসিনা ১ হাজার ৪০০ শিশু-কিশোর, তরুণ হত্যা করে এখন ভারত বসে অডিও বার্তা পাঠিয়ে নাশকতার নির্দেশনা দিচ্ছেন। তাঁর নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, এমনকি একজন পুড়ে মারা গেছেন।”
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রিজভী আরও বলেন, “আওয়ামী লীগের হাতে এখন প্রচুর টাকা। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু, ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের টাকা তাদের হাতে আছে। সেই টাকা খরচ করে তারা নাশকতা করে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে।”
তিনি অভিযোগ করে বলেন, দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হয়েছে, যার ফলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। “ফ্যাসিবাদ যেখানে জন্ম নেয়, সেখানে ন্যূনতম গণতন্ত্র থাকে না। নির্বাচন কমিশন, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা সবই আক্রান্ত। শেখ হাসিনা এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছেন,” যোগ করেন তিনি।
জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে রিজভী বলেন, “জিয়াউর রহমান এ দেশের মানুষের আত্মপরিচয় নিশ্চিত করেছেন। শেখ মুজিবুর রহমান সবাইকে বাঙালি বলেছিলেন, কিন্তু জিয়া আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়ে ঐক্যবদ্ধ করেছেন। তিনি আত্মপরিচয়ের সংকট দূর করেছেন।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীমসহ অন্যরা।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সঞ্চালনা করেন শাখা সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক।