সংস্কারবিরোধীদের সঙ্গে কোনো জোট নয়: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

দেশ এডিশন | রাজনৈতিক ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে কোনো জোট নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার সমবায় কমপ্লেক্স ভবনে এনসিপির জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,

“সংস্কারের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছে, তারা যদি আমাদের সঙ্গে আসতে চায়— আমরা তাদের নিয়ে জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, এবং ২৪ সালের জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে— তাদের সঙ্গে এনসিপির কোনো জোট বা নির্বাচনী অ্যালায়েন্স সম্ভব নয়।”

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন,

“আওয়ামী লীগ এখনও বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত। বিভিন্ন গণমাধ্যমে টকশোতে এতদিন আওয়ামী লীগের ভাড়াটে সুবিধাভোগীরা তাদের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করলেও সাম্প্রতিক কার্যক্রম প্রমাণ করেছে— আওয়ামী লীগের বৈধতা দেওয়া সম্ভব নয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা।

error: Content is protected !!