সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে বদরগঞ্জ উপজেলা বিএনপি।
রোববার উপজেলা পর্যায়ে আয়োজিত এক সভায় দলীয় মনোমালিন্য ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, দলকে সুসংগঠিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমই বিজয় এনে দিতে পারে। আমরা ধানের শীষের পক্ষে কাজ করে এই আসন জনাব তারেক রহমানের জন্য উপহার দিতে চাই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক বলেন, বিএনপি একটি বৃহৎ দল—এখানে মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকেন। দল যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো সবাই মিলে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করা এবং বিজয় অর্জন করা—ইনশাল্লাহ।
এদিকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করায় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, দলের প্রতিটি স্তরের নেতাকর্মীর ঐক্যই বিজয়ের প্রধান শক্তি।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।