ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে টানা ছয় দিন তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, দীর্ঘ চিকিৎসার পর তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
শরিফ ওসমান হাদি ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বড় হন। তার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ।
শিক্ষাজীবনে তিনি ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে শরিফ ওসমান হাদি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। তিনি প্রথমে একটি কোচিং সেন্টারে এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষার্থীদের মাঝে তিনি একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
তিনি এক সন্তানের জনক। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।