দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (গতকাল) এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও সৃজনশীল বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক শিক্ষার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক।
নির্দেশনা অনুযায়ী, ক্রীড়া প্রতিযোগিতার আওতায় ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে। সহপাঠ্য কার্যক্রমের মধ্যে থাকছে বাংলা ও ইংরেজি বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ এবং দেয়ালিকা তৈরি।
এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কোরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কন।
মাউশি আশা প্রকাশ করেছে, নিয়মিতভাবে এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাণবন্ত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে।