সরকারের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়াল ব্যবসায়ীরা

প্রকাশ: ২ মাস আগে

সরকারের কোনো সিদ্ধান্ত ছাড়াই ব্যবসায়ীরা একতরফাভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে—এ অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, বাজারে যে দামে তেল বিক্রি হচ্ছে, তা বাস্তবতা ও আইন—দুটোর সঙ্গেই সাংঘর্ষিক।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান,
“ব্যবসায়ীরা আমাদের যে দামে তেল দিয়েছে, বাজারে তার চেয়ে প্রায় ২০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। গতকালই আমরা কম দামে তেল নিয়েছি, তাহলে বাজারে হঠাৎ এত বাড়তি দামের কারণ কোথায়?”

তিনি বলেন, এ পরিস্থিতি অযৌক্তিক এবং ব্যবসায়ীরা কীভাবে সরকারি মতামত ছাড়াই এমন সিদ্ধান্ত নিল—তা খতিয়ে দেখা হবে। খুব দ্রুতই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

ব্যবসায়ীদের প্রভাব ও একতরফা সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নে বশিরউদ্দীন মন্তব্য করেন,
“আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। প্রশ্নটা ব্যবসায়ীদেরও করা উচিত। বাজারে গিয়ে লড়াই করার মতো পরিস্থিতি নয়—সমাধান আলোচনাতেই বের হবে।”

হঠাৎ দামের এই উল্লম্ফনে সাধারণ ভোক্তারা ক্ষোভ প্রকাশ করছেন। বাজার নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

error: Content is protected !!