সরকার গঠনে সব দলের ঐক্যের পক্ষে জামায়াত: ডা. শফিকুর রহমান

প্রকাশ: ১ মাস আগে

ভোটের পর একটি জাতীয় সরকার গঠিত হলে তাতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশকে অন্তত পাঁচ বছরের জন্য স্থিতিশীল অবস্থায় দেখতে চান তারা।

ঢাকার একটি আবাসিক এলাকায় নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, “যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে সবাই মিলে সরকার পরিচালনা করা সম্ভব। একটি স্থিতিশীল দেশই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জাতীয় সরকারের ক্ষেত্রে দুর্নীতিবিরোধী কর্মসূচি একটি অভিন্ন লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা, যে দল নির্বাচনে সর্বাধিক আসন অর্জন করবে। জামায়াত সর্বোচ্চ আসন পেলে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না—সে সিদ্ধান্ত দলীয় ফোরামেই নেওয়া হবে বলে উল্লেখ করেন।

ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর ভারতে অবস্থান করাকে তিনি উদ্বেগজনক মনে করেন। তার মতে, এ ঘটনার পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং অবস্থায় পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, অতীতে ভারত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কও জোরদার হয়েছিল।

ডা. শফিকুর রহমান জানান, চলতি বছরে তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ওই কূটনীতিক বৈঠকটি প্রকাশ্যে না আনার অনুরোধ করেছিলেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, “সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে সবার প্রতি খোলা মনোভাব রাখতে হবে।”

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।

পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার নীতি আমাদের নেই। পারস্পরিক সম্মান ও ভারসাম্যই আমাদের পররাষ্ট্র ভাবনার ভিত্তি।”

error: Content is protected !!