বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আলোচিত ইসলামী বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর নির্বাচনী হলফনামায় সম্পদ ও আয়ের নানা তথ্য উঠে এসেছে।
দাখিল করা হলফনামা অনুযায়ী, তিনি বার্ষিক আয় হিসেবে উল্লেখ করেছেন ৮ লাখ ৪০ হাজার ২৯২ টাকা। এর মধ্যে শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে আয় দেখানো হয়েছে ২২ হাজার ৮৯২ টাকা।
হলফনামার তথ্যে দেখা যায়, তার স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ নেই। অন্যদিকে প্রার্থীর নিজের নামে অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে ৩১ ভরি স্বর্ণালঙ্কার, পাশাপাশি মোট ১৩ লাখ ৪ হাজার ৮৯২ টাকার অস্থাবর সম্পদ।
স্থাবর সম্পদ প্রসঙ্গে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাহেরীর নিজ নামে এলাকায় রয়েছে ২৩৯ শতক জমি।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার এসব তথ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।