হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ, সন্দেহ বার্গম্যানের

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১ মাস আগে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তাকে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এই শোকবার্তাকে ‘ভণ্ডামির বহিঃপ্রকাশ’ কি না—সে বিষয়ে প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বার্গম্যান শেখ হাসিনার অতীত মন্তব্য ও রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে এনে বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি করা এবং বিএনপিকে ভেঙে ফেলার দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তাঁর মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোক ও উদার মন্তব্যগুলোকে কীভাবে মূল্যায়ন করা হবে—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি লেখেন, এগুলো কি মহানুভবতা ও সৌজন্যের নিদর্শন, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ—নাকি দুটোরই মিশ্রণ?

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সে সময় তাঁর বয়স ও শারীরিক অবস্থা নিয়ে দেওয়া মন্তব্যকে অনেকেই অমানবিক ও বিদ্বেষপূর্ণ বলে আখ্যা দেন।

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্ব বহু দশক ধরে আলোচিত। শুরুতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা তীব্র বৈরিতায় রূপ নেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ‘দ্য ব্যাটলিং বেগমস’ নামে পরিচিতি পায়। বিশেষ করে ২০০৮ সালের পর এই দ্বন্দ্ব রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছায় বলে মনে করেন বিশ্লেষকেরা।

এই সময়ের মধ্যে খালেদা জিয়াকে সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদ, বাসভবন ঘিরে অবরোধ, একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখোমুখি হতে হয়। বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বর্ণনা করে এসেছে।

এমন দীর্ঘ রাজনৈতিক বৈরিতার পর খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকবার্তা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। বার্গম্যানের মন্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।

error: Content is protected !!