ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে তাঁর সমর্থক ও দলের নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলে গেছেন—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আমরা আছি।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে নির্বাচনী গণসংযোগে ধানের শীষে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে শেখ হাসিনা দেশের গণতন্ত্র ও ভোটাধিকারকে ধ্বংস করেছেন। এখন ক্ষমতা হারিয়ে বিদেশে আশ্রয় নিলেও দেশের মানুষকে এবং নিজের দলের বহু নেতাকর্মীকে অনিশ্চয়তার মধ্যে রেখে গেছেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং মানুষের অধিকার নিশ্চিত করা হবে। “দেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। এবার জনগণই সিদ্ধান্ত নেবে কে দেশ পরিচালনা করবে”—বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এ সময় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দেবীপুর এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হয়। পথসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।