চান্দিনা এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার প্রায় পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনাস্থলটি দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর সড়ক সংযোগস্থলের কাছে। ওই সময় একটি লোকাল বাস থেকে নারীটি শিশুকে কোলে নিয়ে নামার চেষ্টা করছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই নারীটির মৃত্যু হয়। গুরুতর আহত শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।