নরসিংদীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা: ৩ জন গ্রেফতার

মো নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি | দেশ এডিশন
প্রকাশ: ১ মাস আগে

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে এক কলেজছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতের দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বদরপুর উত্তরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে শিপন (২৭), সুলতান মিয়ার ছেলে আবুল হাসেম (৬২) এবং আবুল কাশেম (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর পারিবারিক বিরোধের জেরে বদরপুর এলাকার রউফ মিয়ার মেয়ে, একাদশ শ্রেণির শিক্ষার্থী দিনা আক্তার (১৭)-কে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা রউফ মিয়া পাঁচজনের নাম উল্লেখ করে নরসিংদী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নরসিংদী সদর থানার উপপরিদর্শক (এসআই) শ্রী রামকৃষ্ণ দাস জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি পলাতক থাকায় তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

error: Content is protected !!