নোয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা যুবদল সোমবার বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।
বুলু সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, “আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, ১৭ বছর পরে এই রাস্তাটি তৈরী করেছি। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলা, পঙ্গুত্ব ও ব্যক্তিগত ক্ষতির মুখোমুখি হয়েছেন। ৫ আগস্টের গণঅভ্যর্থানে ১৪’শ শহীদের মধ্যে ৪৬২ জন বিএনপি নেতাকর্মী।”
বুলু আরও বলেন, “একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আগামী মাসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন। যুবদল হিসেবে আপনাদের সর্বোচ্চ নেতা-সমর্থক ঢাকায় বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।”
সমাবেশে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বক্তব্য রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সাবেক সভাপতি আবু নাছের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান উপস্থিত ছিলেন।