পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত হবে নির্বাচিত সংসদে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক | দেশ এডিশন
প্রকাশ: ৪ মাস আগে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদেই হবে

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে — সত্যিকার অর্থে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। যদিও সেটি বিঘ্ন করার জন্য বিভিন্ন অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি তুলে আন্দোলন শুরু করা তাদের কাছেও স্পষ্ট নয় যারা দ্রুত নির্বাচন চান। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে, পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন যদি পিআর দেওয়া হয়, জনগণ বুঝবে না এটা কী।”

মির্জা ফখরুল বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি চার কোটি বেকারের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, দেড় বছরের মধ্যেই এই সংকটের সমাধান সম্ভব।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও। সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা

সূত্র: দেশ এডিশন নিউজ ডেস্ক

  • #দেশএডিশন
  • error: Content is protected !!