শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জান্নাতুল বাকী | শেরপুর
প্রকাশ: ১ মাস আগে

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বালিজুরি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মোহাম্মদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে মোহাম্মদ আলী গবাদিপশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে নেপালির ভিটা এলাকায় যান। এ সময় হঠাৎ বন্য হাতির একটি দল তার ওপর আক্রমণ চালায়। হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক গুরুতরভাবে থেঁতলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনাছ আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। সুরতহাল প্রতিবেদনে নিহতের বুকে থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বন্যপ্রাণীর আক্রমণে প্রতিটি মৃত্যুই দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। বন আইন অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

error: Content is protected !!