শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা পুনর্বহাল

জান্নাতুল বাকী, শেরপুর:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, এর আগে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে আপিল করা হলে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থী পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাখ্যা উপস্থাপন করা হয়। নথিপত্র পর্যালোচনা শেষে কমিশন তা সন্তোষজনক মনে করে প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে এবং আগের সিদ্ধান্ত বাতিল করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়।

প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রয়াত সাবেক সংসদ সদস্য জাহেদ আলী চৌধুরীর পুত্র। তিনি পেশায় প্রকৌশলী এবং স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বলে জানা গেছে।

মনোনয়ন পুনর্বহালের খবরে শেরপুর-২ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গাভাব দেখা দিয়েছে। স্থানীয় নেতারা বলছেন, প্রার্থিতা ফিরে পাওয়ায় ওই আসনে নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠতে পারে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আইন ও বিধি অনুসরণ করেই মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কমিশন বদ্ধপরিকর।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে প্রার্থিতা বাতিল ও পুনর্বহালের ঘটনা ঘটছে।

error: Content is protected !!