সিলেটের বন্যা নিরসনে ফের খাল খনন কর্মসূচি শুরু হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট | বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সিলেটে এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সিলেটের দীর্ঘদিনের বন্যা সমস্যা নিরসনে পুনরায় ‘খাল খনন কর্মসূচি’ শুরু করা হবে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে সমবেত লক্ষ জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “হাজার হাজার গুম-খুনের বিনিময়ে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম হয়ে গিয়েছিল। তাই আমি পরিষ্কার করে বলেছি— দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।”

বিগত সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “গত ১৫ বছর উন্নয়নের নামে দেশের কোটি কোটি টাকা লুট করা হয়েছে। তার বড় প্রমাণ হলো ঢাকা থেকে সিলেটে আসতে যে পরিমাণ সময় লাগে, বর্তমানে লন্ডন যেতেও তার চেয়ে কম সময় লাগে। এই হলো তাদের অবকাঠামোগত উন্নয়নের নমুনা।”

দেশের তরুণ সমাজের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন, “আমরা দেশের বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধান করতে চাই। যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে—সেটা দেশের ভেতরে হোক কিংবা বাইরে। আমাদের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি যুবক ভাইকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা।”

ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোটের রাজনীতির সমালোচনা করে তারেক রহমান বলেন, “সবকিছুর মালিক মহান আল্লাহ। কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই যারা মানুষকে এভাবে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কী করবে তা জনগণ বুঝে গেছে। যারা এখন বড় বড় কথা বলছেন, ‘৭১ সালে তাদের ভূমিকা কী ছিল তা এদেশের মানুষ ভুলে যায়নি।”

এদিন বেলা পৌনে ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাট নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সিলেট নগরী।

error: Content is protected !!