আওয়ামী লীগ সমর্থকদের ভোটে বিএনপি এগিয়ে যেতে পারে—‘দ্য ডিপ্লোম্যাট’ বিশ্লেষণ

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য জয় নিয়ে বিশ্লেষণধর্মী একটি নিবন্ধ প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। মঙ্গলবার প্রকাশিত নিবন্ধে ম্যাগাজিনটির দক্ষিণ এশিয়া সম্পাদক সুধা রামচন্দ্রন লিখেছেন, নির্বাচনে বিএনপি এগিয়ে থাকতে পারে এবং আওয়ামী লীগ সমর্থকদের ভোটও বিএনপির পক্ষে যেতে পারে—যা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

নিবন্ধে বলা হয়, এবারের নির্বাচনে সংসদের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থনভিত্তি প্রায় ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে এবং নির্বাচন শুরুর দিকে দলটি এগিয়ে ছিল। তবে আওয়ামী লীগ সরকারের সময় দমন-পীড়নের কারণে বিএনপি অনেকটা দুর্বল ও বিশৃঙ্খল অবস্থায় পড়ে—এ কথাও উল্লেখ করা হয়।

নিবন্ধে আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে এবং অসুস্থ ছিলেন; আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন যুক্তরাজ্যে। এতে করে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল বলে নিবন্ধে উল্লেখ করা হয়।

অন্যদিকে, নিবন্ধে বলা হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি ও তারেক রহমানকে ঘিরে জনমনে সহানুভূতির ঢেউ তৈরি হতে পারে, যা নির্বাচনে দলটির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন ধারণাও করছেন পর্যবেক্ষকরা।

তবে বিএনপির পথকে সহজ বলা হয়নি নিবন্ধে। এতে বলা হয়, জামায়াতে ইসলামী ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে, যা নির্বাচনী সমীকরণ জটিল করে তুলতে পারে।

নিবন্ধে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কয়েক দশক ধরে আওয়ামী লীগের ভোটব্যাংকও ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে ছিল এবং শেখ হাসিনার পতনের পর তা কিছুটা কমলেও এখনও উল্লেখযোগ্য। ফলে এই ভোটাররা কীভাবে ভোট দেবেন—সে বিষয়টি ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে নিবন্ধে উল্লেখ করা হয়।

নিবন্ধে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ভোট নিয়েও আলোচনা করা হয়েছে। এতে বলা হয়, দেশের মোট জনসংখ্যার প্রায় ৮ থেকে ১০ শতাংশ সংখ্যালঘু, যারা অতীতে আওয়ামী লীগকেন্দ্রিক ভোট দিয়ে আসতেন। কিন্তু এবার বিএনপি ও জামায়াত উভয় পক্ষই এই ভোটব্যাংকের দিকে নজর দিচ্ছে। কিছু হিন্দু ভোটারের বরাতে নিবন্ধে উল্লেখ করা হয়েছে, তারা চাপ ও ভয়ভীতির অনুভূতির কথা বলছেন।

নিবন্ধের উপসংহারে বলা হয়, আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু ভোটারদের সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করবে—তারা অতীত অভিজ্ঞতা ও রাজনৈতিক অবস্থানকে কীভাবে মূল্যায়ন করেন, তার ওপর। এছাড়া ভবিষ্যতের জন্য বিএনপি ও জামায়াত—কে তুলনামূলক গ্রহণযোগ্য বিকল্প, সেই বিবেচনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

error: Content is protected !!