একীভূত পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে তাদের আমানতের অর্থ ফেরত তুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে একজন গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।
যে পাঁচটি ব্যাংক একীভূত হয়েছে সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংককে অধিগ্রহণ করে নতুনভাবে গঠিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই পাঁচ ব্যাংকের চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব ও স্থায়ী আমানত ইতোমধ্যে নবগঠিত ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। ফলে গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আমানতকারীদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত। প্রাথমিকভাবে আমানত উত্তোলনের সুবিধা নিশ্চিত করতে রেজল্যুশনের আওতাধীন ব্যাংকগুলোতে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়েছে।
তবে কোনো গ্রাহক যদি এই পর্যায়ে অর্থ উত্তোলন না করেন, তাহলে তিনি তার জমাকৃত অর্থের ওপর বাজারভিত্তিক মুনাফা পেতে থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ধাপে ধাপে গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।