আজ বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ছাড়া হবে এবং পরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে।

নতুন নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মিমি × ৬৫ মিমি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত এই নোটে নিরাপত্তা ও নকশায় এসেছে বেশ কিছু আধুনিক পরিবর্তন।

নোটের সম্মুখভাগ:
– বাঁ পাশে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি
– মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলি ও প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা
– সবুজ রঙের আধিক্য

নোটের পেছনের অংশ:
– বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি মুদ্রিত রয়েছে

জলছাপ:
– ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর মুখ
– নিচে ইলেকট্রোটাইপ ‘500’
– বাংলাদেশের ব্যাংকের মনোগ্রাম

উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য

নতুন ৫০০ টাকার নোটে যুক্ত করা হয়েছে ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য।
এর মধ্যে উল্লেখযোগ্য—

  • নোটের সম্মুখভাগের ডানদিকে রং পরিবর্তনশীল নিরাপত্তা কালি দিয়ে মুদ্রিত মূল্যমান ‘500’, যা নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।

  • বাঁ পাশে রয়েছে ৪ মিমি চওড়া লাল ও স্বর্ণালি বারের সমন্বয়ে তৈরি প্যাঁচানো নিরাপত্তা সুতা।

  • নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙে বদলে যায় এবং ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়।

  • আলোয় ধরলে নিরাপত্তা সুতার স্বর্ণালি অংশ রংধনুর মতো নিচে–উপরে চলতে দেখা যায়।

  • দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের ডানদিকে নিচে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে, যা স্পর্শে উঁচু অনুভূত হয়।

নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ নোট বাজারে আসায় জাল নোট প্রতিরোধে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

error: Content is protected !!