আমি আপনার আপু নই’: ইউএনও ভাইরাল

ডেস্ক রিপোর্ট | লালমনিরহাট:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ উঠেছে। কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি একটি চড়ুইভাতি (পিকনিক) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ হওয়ায় ইউএনও শামিমা আক্তার জাহান একাডেমির সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করে খোঁজখবর নেন।

ফোনালাপে মেহেরবান মিঠু জানান, একাডেমির একজন সদস্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এ সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল—এ কারণে অনুষ্ঠান শেষ হতে দেরি হচ্ছে। কথোপকথনের এক পর্যায়ে তিনি “আপু” সম্বোধন করলে ইউএনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বলে অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে ইউএনওকে বলতে শোনা যায়—
“আমি আপনার আপু নই—ফর ইউর কাইন্ড ইনফরমেশন। অনুমতি নেওয়ার সময় তো এত রাত হওয়ার কথা ছিল না।”

এ সময় আয়োজকের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে দ্রুত অনুষ্ঠান বন্ধ করার কথা বলা হয় বলে জানা যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, ‘আপু’ একটি সম্মানসূচক সম্বোধন; আবার কেউ প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি কর্মকর্তাদের মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন।

এ বিষয়ে রয়েল ফুটবল একাডেমির সহ-সভাপতি মেহেরবান মিঠু বলেন, “অনুষ্ঠান দেরি হওয়ায় আমি বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে ‘আপু’ বলেছিলাম। এতে তিনি ক্ষুব্ধ হবেন, ধারণা ছিল না।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, “আপু বলার কারণে আমি রাগ করিনি। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলছিল, তাই সেটি দ্রুত শেষ করতে বলেছি। বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।”

ঘটনাটি স্থানীয়ভাবে সম্বোধন, সামাজিক আচরণ ও প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

error: Content is protected !!