ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র—যেখানে বিভাজন নয়, বরং আশা, নিরাময় ও ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর ‘পলিসি সামিট–২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সামিটের উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট চিন্তাবিদ, নীতিনির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশ নেন।
আয়োজকদের মতে, সামিটে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে প্রয়োজনীয় নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং জাতীয় পর্যায়ে একটি ইতিবাচক, অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।