পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্পষ্টভাবে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবে না। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি এ কথা বলেন।
তিনি বলেন, জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল। এটি কেবল পাকিস্তানের অবস্থান নয়, বরং জাতিসংঘেরও স্বীকৃত অবস্থান। সারওয়ানি স্মরণ করিয়ে দেন, ভারত নিজেই কাশ্মীর ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলেছিল এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট আয়োজনের মাধ্যমে কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
তার বক্তব্যে বলা হয়, প্রায় আট দশক পার হলেও ভারত এখনো সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। বরং অধিকৃত কাশ্মীরে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রেখে মৌলিক অধিকার দমন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং নাগরিক স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও দখলদার শক্তি হিসেবে ভারতের আইনি বাধ্যবাধকতার গুরুতর লঙ্ঘন।
সন্ত্রাসবাদের অভিযোগ প্রসঙ্গে গুল কায়সার সারওয়ানি বলেন, ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে। তবে সীমান্তপারের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা, অধিকৃত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে রাষ্ট্র-সমর্থিত হত্যাকাণ্ড এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার রেকর্ড গোপন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, পাকিস্তান বরাবরই দায়িত্বশীলতা ও সংযমের নীতি অনুসরণ করে আসছে এবং কাশ্মীর সংকটের ন্যায়সংগত ও শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ গ্রহণের পক্ষে রয়েছে।