গণভোটের জন্য বিএনপির উদারতা দেখানো ঠিক হয়নি : আমীর খসরু

প্রকাশ: ৩ মাস আগে


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই। গণভোট আয়োজন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং সেই সংশোধনের বিষয়টি সংসদে আলোচনা ও জনগণের মতামত নিয়েই করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “গণভোটের বিষয়টিতে মত দেওয়া ছিল জাতীয় ঐকমত্যের স্বার্থে বিএনপির উদারতা। তবে এই উদারতা বিএনপির দেখানো ঠিক হয়নি।”

তিনি প্রশ্ন তোলেন, “সংবিধানে নেই তারপরও গণভোট করতে হবে কেন? ডাল মে কুচ কালা হে!”
আমীর খসরু বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, “এই ঢাকা শহরের কেউ যদি নিজেদের মত রাষ্ট্র চালাতে চায় তবে শেখ হাসিনার সঙ্গে তাদের কোনো পার্থক্য থাকে না।”

তিনি বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করবে। পাশাপাশি, যারা সংস্কারের কথা বলেন, তাদেরও নির্বাচনে অংশ নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েই তা বাস্তবায়নের আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর বিষয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর এদেশে অফিস করার অধিকার নেই, যেভাবে পাকিস্তানের এদেশে ক্যান্টনমেন্ট করার অধিকার নেই। পাকিস্তান ক্ষমা চাইলেই কি আমরা তাদের এখানে ক্যান্টনমেন্ট করার অনুমতি দেব?”

একই অনুষ্ঠানে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “জমি কেনার দলিলে যেমন প্রতারণা করা হয়, গণভোটেও তেমন প্রতারণা চলছে। জুলাই সনদে যেমন দলিল বদলে গেছে, তেমনি ৪৭টি ইস্যুতে ‘হ্যাঁ-না’ ভোটে গণভোট মানে একদিকে সমর্থন আর অন্যদিকে জোর করে ভোট আদায়। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।”

সূত্র: দেশ এডিশন

error: Content is protected !!