চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের চুক্তিপত্র জনসমক্ষে আনার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মাস আগে

চট্টগ্রাম বন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও চুক্তির প্রক্রিয়া ও শর্তাবলি জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে ডেনমার্কের এপিএম টার্মিনালস এবং সুইজারল্যান্ডের মেডলগ এসএ’র সঙ্গে লালদিয়া ও পানগাঁও টার্মিনাল সংক্রান্ত সব চুক্তি-তথ্য অবিলম্বে প্রকাশ করা জরুরি।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নতুন টার্মিনাল নির্মাণ ও অপারেটর নিয়োগের দ্রুত সিদ্ধান্ত আসলে সরকারের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ কিনা—তা পরিষ্কার করতে হবে। তিনি মনে করিয়ে দেন, বিদেশি কোনো প্রতিষ্ঠান জনসেবার জন্য নয়, বরং মুনাফা অর্জনের লক্ষ্যেই বিনিয়োগ করে; ফলে জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত হয়েছে, তা জনগণ জানার অধিকার রাখে।

টিআইবি জানায়, লালদিয়া টার্মিনালের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের আন্তর্জাতিক পরিচিতি বিবেচনা করা হলেও তাদের স্বচ্ছতা, ব্যবসায়িক আচরণ এবং দুর্নীতিসংক্রান্ত আন্তর্জাতিক ট্র্যাক রেকর্ড মূল্যায়ন করা হয়েছে কি না—সে তথ্যও প্রকাশ করা উচিত।

পরামর্শক প্রতিষ্ঠান আইএফসির প্রতিবেদনে চুক্তি চূড়ান্ত করতে ৬২ দিনের প্রাক্কলন থাকলেও মাত্র দুই সপ্তাহে এপিএম টার্মিনালসের সঙ্গে পুরো প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে প্রশ্ন তোলে টিআইবি। সংস্থাটি সরকারের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। পাশাপাশি, পানগাঁও টার্মিনালে প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ হলেও লালদিয়ায় ব্যতিক্রমী পদ্ধতি কেন গ্রহণ করা হলো—এ প্রশ্নও তোলে তারা।

ড. ইফতেখারুজ্জামান জানান, দীর্ঘমেয়াদি এই চুক্তিগুলোতে রাষ্ট্র কী লাভ পাবে, বিদেশি অপারেটরদের মুনাফার বিপরীতে দেশের অর্থনৈতিক লাভ–ক্ষতির কস্ট-বেনিফিট বিশ্লেষণ হয়েছে কি না—তা প্রকাশ করা হয়নি। একই সঙ্গে কর্মসংস্থান, শ্রমবাজার ও অংশীজনদের ওপর সম্ভাব্য ইতিবাচক-নেতিবাচক প্রভাব বিবেচনায় কোনো সমীক্ষা হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, “বন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগ স্বাগত; তবে সিদ্ধান্ত গ্রহণের পেছনে সুস্পষ্ট অর্থনৈতিক কৌশলগত পথনকশা থাকা জরুরি। স্বচ্ছতার ঘাটতি দূর করতে সরকারকে অবিলম্বে সংশ্লিষ্ট সব তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে।”

error: Content is protected !!